প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত এ প্রশ্ন ঘুরছে ভক্তদের মধ্যে। তবে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কারণ জানাননি প্রীতম বা শেহতাজ। রোববার (৪ অক্টোবর) রাতে দেওয়া এক পোস্টে শেহতাজ জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া থেকে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগোচ্ছেন। অর্থাৎ মাত্র ৪ বছরেই ভেঙে যাচ্ছে তাদের বিয়েটি।

তারকাদের প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আলো ঝলমলে জীবনের আড়ালে অনেক তারকার দাম্পত্যই শেষ হয়েছে অল্প সময়ের মধ্যেই। আবার কেউ কেউ দীর্ঘ দুই দশকের বেশি সংসার করার পরও বিচ্ছেদের পথে হেঁটেছেন। বাংলাদেশের শোবিজে এমন কয়েকটি আলোচিত বিচ্ছেদের ঘটনা রয়েছে।

পরীমনি-রনি : ৩ টাকা কাবিনের বিয়েটি ৩ মাসও টেকেনি
বন্ধুমহলে পরিচিতির সূত্র ধরে হঠাৎ করেই ঘনিষ্ঠ হন তারা। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন কামরুজ্জামান রনি। ছবিটিতে অভিনয় করেন পরীমনি। সিনেমাটিতে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাদের। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি। সেই বিয়ে নিয়ে পরীমনি বলেছিলেন, ‘প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপুসহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব, কীভাবে যাব, সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয়।
এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। মার্চের ৩ থেকে ৭ তারিখ (২০২১) আমরা ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে ভীষণ আনন্দে সময় পার হয়ে যায়। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।’
বিয়ের পর রনি বলেছিলেন, ‘আমরা এখন একটা অন্য রকম সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। মোংলায় পরীর শুটিং সেটে আমরা সময় কাটাচ্ছি। নিজেদের একটু গুছিয়ে নিয়ে আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’
সেই সুযোগ আর তারা পাননি। দুই মাস যেতে না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যেতে থাকে। প্রায় পাঁচ মাস পর মোটামুটি নিশ্চিত হয় তাদের বিচ্ছেদ। ৩ টাকা কাবিনের বিয়েটি ৩ মাসও টেকেনি, এটা বললেও বাড়াবাড়ি হয় না।

অপূর্ব-প্রভা: ছয় মাসের মতো সময়েই বিচ্ছেদ
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন। পরের বছর ফেব্রুয়ারিতেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। অর্থাৎ বিয়ের ছয় মাসের মতো সময়ের মধ্যেই ভেঙে যায় তাদের সংসার। এরপর একই বছর অপূর্ব বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে।

শাকিব খান-অপু বিশ্বাস: প্রায় ১০ বছর পর বিচ্ছেদ
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন। তাদের সন্তান জন্মের খবরও দীর্ঘদিন গোপন ছিল। পরে ২০১৭ সালে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়- অর্থাৎ প্রায় এক দশকের সম্পর্কের পর ভেঙে যায় তাদের সংসার।

তাহসান-মিথিলা: ১১ বছরের সংসারের সমাপ্তি
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন। প্রায় ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান।

জেমস-রথি : প্রায় এক যুগের সংসার
ব্যান্ড তারকা জেমস ও কানিজ রাবেয়া রথীর (চাঁদনী) সংসার প্রায় ১২ বছর টিকেছিল। তারা ভালোবেসে বিয়ে করেন ১৯৯১ সালের ১৭ নভেম্বর। বিচ্ছেদ হয়ে যায় ২০০৩ সালে। এই দম্পতির ঘরে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

ইমন-বিজরী : ১৭ বছরের সংসার ভেঙে গেল
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বিবাহবিচ্ছেদ ঘটে ২০১২ সালের শেষের দিকে। তারা ১৯৯৫ সালের ১৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিচ্ছেদের আগে তারা দীর্ঘ ১৭ বছর একসাথে সংসার করেন। তাদের সংসারে ঊর্বানা শওকত নামে একটি কন্যাসন্তান রয়েছে। মূলত পারিবারিক কলহ ও বনিবনা না হওয়ার কারণে ২০১২ সালে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান।

সুবর্ণা মুস্তাফা-হুমায়ুন ফরীদি: দুই দশকের বেশি পর বিচ্ছেদ
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি ছিলেন দেশের অন্যতম আলোচিত তারকা দম্পতি। তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল প্রায় ২২ বছর। ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর সুবর্ণা মুস্তাফা নির্মাতা বদরুল আনাম সৌদকে বিয়ে করেন।

এস আই টুটুল-তানিয়া আহমেদ: ২৩ বছরের সংসার
সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন। দীর্ঘ ২৩ বছরের সংসারের পর তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। টুটুল জানিয়েছিলেন, তারা দীর্ঘ সময় আলাদা ছিলেন এবং পরে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়।
এছাড়াও বাপ্পা মজুমদার-চাঁদনী, মনির খান শিমুল-নাদিয়া আহমেদসহ আরও অনেক তারকা জুটিই বেশ দীর্ঘদিন সংসার করেও বিচ্ছেদের পথে হেঁটেছেন।







