অবলোক

কাঁঠালপাতায় তালের পিঠা যেভাবে বানাবেন

পড়তে ৫ মিনিট
কাঁঠালপাতায় তালের পিঠা যেভাবে বানাবেন

আমাদের গ্রামবাংলায় ছড়িয়ে-ছিটিয়ে আছে হাজারো মজার খাবার। তেমনই একটি ভিন্নধরনের পিঠা কাঁঠাল পাতায়

আমাদের গ্রামবাংলায় ছড়িয়ে-ছিটিয়ে আছে হাজারো মজার খাবার। তেমনই একটি ভিন্নধরনের পিঠা কাঁঠাল পাতায় তালের পিঠা। মজার এই পিঠার রেসিপি দিয়েছেন দিনার বড়ুয়া তৃপ্তি।

যা যা লাগবে: তালের রস, গুড় বা চিনি মিষ্টির পরিমাণ মতো, নারিকেল কুচি বা কিউব করে কাটা ১ কাপ, চালের গুড়া ১ কাপ,  বেকিং সোডা ১ চিমটি, লবণ পরিমাণমতো এবং কাঁঠাল পাতা।

যেভাবে তৈরি করবেন: তালের আঁশ ছাড়িয়ে একটা ছাকনিতে চেপে রস বের করে নিতে হবে। এরপর একটা পাত্রে পরিমাণমতো তালের রস নিয়ে তার সঙ্গে চালের গুড়া দিন। এরপর গুড় বা চিনিও দিতে হবে। তবে গুড় বেশি মজার। লবণ এবং বেকিং সোডা দিয়ে একটা ডো তৈরি করুন। খেয়াল রাখবেন ডো যেন খুব তরল বা খুব শক্ত না হয়। এরপর কাঁঠাল পাতাগুলো পানিতে ধুয়ে নিন। 

পাতাটি পানের মতো ভাজ করে মাঝে এক চামচ পরিমাণ ডো নিতে হবে। তারপর টুথপিক দিয়ে আটকে দিন। এবার স্টিমারে ৫/৬ টা পিঠা দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে। স্টিমার না থাকলে ভাপা পিঠার পাতিলেও করা যাবে। ১৫-২০ মিনিটে পরে নামিয়ে পরিবেশন করুন। 

ভাপে থাকা অবস্থায় মাঝে চেক করে দেখবেন, হয়েছে কিনা। ডো নরম হলে বেশি সময় লাগে। বিকেলের চা চক্রে দারুণ হতে পারে এই কাঁঠাল পাতায় তালের পিঠা।