দেখতে দেখতে গানের জগতে ২০ বছর কাটিয়ে ফেলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। দীর্ঘ দুই দশকের সংগীতযাত্রা পূর্তি উপলক্ষে এবার ভক্ত-শ্রোতাদের জন্য বড় ঘোষণা দিলেন তিনি। ২০২৭ সালে ভারতের ৯টি শহরে স্টেডিয়াম স্কেলে কনসার্ট করবেন এই শিল্পী।
অরিজিৎ জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হবে তার বিশেষ এই ভারত সফর। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর ও হায়দরাবাদে আয়োজন করা হবে এসব কনসার্ট। তবে এই তালিকায় নেই কলকাতার নাম।
দুই দশকের সংগীতজীবন পূর্তিকে সামনে রেখে এবারের সফরকে বিশেষভাবে সাজানো হচ্ছে। কনসার্টগুলোতে থাকবে ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, কাইনেটিক এলইডি ফিক্সচার, প্যানোরামিক স্ক্রিন, লেজার অ্যারে এবং স্টেডিয়াম স্কেলের আয়োজন। ফলে অরিজিতের গানের পাশাপাশি দর্শক-শ্রোতারা পাবেন বড় পরিসরের ভিজ্যুয়াল অভিজ্ঞতা।
বিশেষ এই সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিৎ লিখেছেন, ‘২০ বছরের গানের দুনিয়া একটা সফরের মতো, যার জন্য আমি কৃতজ্ঞ। আর এর সবচেয়ে বড় অংশ হয়ে থেকেছেন মানুষ, শ্রোতারা। তারাই এই গানগুলোকে নিজেদের করে তুলেছেন।’
ভক্তদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আমি সত্যিই মুখিয়ে আছি গোটা ভারত সফরের জন্য এবং মঞ্চে লাইভ পারফর্ম করে এই ভালোবাসার আরও একবার সাক্ষী থাকতে। এত এত গান, এত স্মৃতি, এত মানুষের সঙ্গে দেখা হওয়া- আমার আর তর সইছে না।’
অরিজিতের এই ঘোষণার পরই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। দুই দশকের সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার কণ্ঠের গান ভারত ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ও হিন্দিভাষী শ্রোতাদের কাছেও জনপ্রিয়তা পেয়েছে।
এদিকে চলতি বছরের শুরুতে প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন অরিজিৎ সিং। এরপর নিজের মতো করে গান তৈরি, সিনেমা পরিচালনাসহ বিভিন্ন সৃজনশীল কাজে যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি নিয়মিত কনসার্টেও অংশ নিচ্ছেন।
এবার ২০ বছরের সংগীতজীবন পূর্তিতে ৯ শহরে স্টেডিয়াম স্কেলের কনসার্টের ঘোষণা দিয়ে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।







